“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা ভূমি অফিসের সেবা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, “ডিজিটাল ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। ভূমি মালিকরা যেন সেবা নিতে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা সংশ্লিষ্ট সবাইকে নিশ্চিত করতে হবে। হয়রানিমুক্ত ভূমি সেবাই বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। তিনি বলেন, “ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসন এবং আইনগত প্রতিকার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই এই মেলার মূল উদ্দেশ্য। এ মেলার মাধ্যমে ভূমির মালিকরা আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে সরাসরি জানতে পারবেন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আনোয়ার হোসেন এবং জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক মাহফুজুর রহমান কিরনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সুধীজন এবং সেবা নিতে আসা বিপুলসংখ্যক ভূমি মালিক উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ মেলা আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় ই-নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে। এছাড়া ভূমি সেবা সংক্রান্ত যেকোনো অভিযোগের জন্য যোগাযোগ করুন জাতীয় হটলাইন ১৬১২২ নাম্বারে।
